দেশজুড়ে

ফরিদপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ শিশু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীচর এলাকার মো. সেলিমের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিমের ছেলে আয়াতুল্লাহ (৬ মাস)।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার (৮ এপ্রিল) রাতে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৮৫ শিশু। এর মধ্যে ১০৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে। আর মারা গেছে তিনজন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম