জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক রায় দিয়েছে। তাই সরকারকে এ সনদের শতভাগ বাস্তবায়ন করতে হবে। না করলে জনগণকে সঙ্গে নিয়ে গণরায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজার মোড়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দল এই কর্মসূচির ঘোষণা করে।
সেলিম উদ্দিন বলেন, এ সরকারের বয়স হয়েছে মাত্র একমাস। এতো অল্প সময়ের মধ্যেই আমাদের রাজপথে নামতে হবে তা কখনো চিন্তাও করিনি। জনগণের প্রত্যাশা ছিল নির্বাচনের পর জাতীয় সংসদে পারস্পরিক আলোচনার মাধ্যমে জাতীয় সব সমস্যার ন্যায়সঙ্গত ও ইতিবাচক সমাধান করা হবে। ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, কিন্তু দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’এর পক্ষে ঐতিহাসিক রায় প্রদান করলেও বর্তমান সরকার গণরায় ছিনতাই করে যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে। কিন্তু আত্মসচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না বরং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সময় থাকতে সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে ইতিবাচক ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ অনুযায়ী স্বাধীন বিচার বিভাগ ও বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা থাকলেও সরকার এ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে বিচার বিভাগ নির্বাহী বিভাগের আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত করার ষড়যন্ত্র পাকাপোক্ত করেছে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা জাতিকে যেমন বিভ্রান্তি করছে, ঠিক তেমনিভাবে বিভ্রান্ত করছে বিএনপিকে। দেশ ও জাতিসত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় আমরা আজ আন্দোলন শুরু করলাম।
আরএএস/এমএমকে