আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক শুরুর আগ মুহুর্তে আবারও লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (১০ এপ্রিল) ভোরের পর থেকে লেবাননের সারাফান্দ শহরটিতে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এছাড়া আল-বেইশারিয়াহ উপকণ্ঠে অবস্থিত খিরবাত আল-দোয়ায়ের এলাকাতেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্টড়-ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে হামলা চালায়। যৌথ বাহিনীর ওই দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই দিনে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথ বাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ।

এদিকে ২ মার্চ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১৭৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তবে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সেই ১০ মিনিটের ১০০ বিমান হামলায় ২৫৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক। একই সঙ্গে এই বর্বর হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে রেডক্রস সোসাইটি।

কেএম