দেশজুড়ে

পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে পালিয়ে গেলো গরু চোর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে গেছেন রাসেল ইসলাম (৩৩) নামে এক আসামি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় ঘটনা হয়।

রাসেল একজন তালিকাভুক্ত চোর বলে জানিয়েছেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামে এক কৃষকের দুইটি গরু চুরি হয়। পরে গরুর মালিক শরিফ উদ্দিন অভিযুক্ত রাসেলের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাসেলকে গ্রেফতারের জন্য তার বাড়ি ঘেরাও করে। এসময় আসামি ঘরের দরজা লাগিয়ে অবস্থান করছে এমন তথ্যেরভিতিতে ঘরের দরজার সামনে ছিলেন পুলিশ সদস্য বনমালী। পরে আসামি রাসেল পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্য বনমালি রায়ের মাথায় আঘাত করে পালিয়ে যায়।

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, রাসেল একজন তালিকাভুক্ত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরিসহ গরু চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে আসামির নামে আরও একটি গরু চুরির মামলা হয়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারে ৮-১০ জন পুলিশের একটি একদল তার বাড়িতে যায়। আমাদের একজনের মাথায় আঘাত করে তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

সফিকুল আলম/এনএইচআর/জেআইএম