বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্ববিদ্যালয়ের স্টাফসহ চার নিরাপত্তাকর্মীকে মারধর করে আহত করেছে এক পরীক্ষার্থী। এ ঘটনায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১০ই এপ্রিল) দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন নিরাপত্তাকর্মীকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল। অপরদিকে অভিযুক্ত ওই পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৯৯৮৬০।
আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন, এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।
বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় বহিষ্কার এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে দিয়েছে পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই পরীক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে আহত করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কক্ষ পরিদর্শক এক পরীক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কারের পরে কন্ট্রোলর রুমে নেওয়ার সময় আমাদের সিকিউরিটি শাখার চারজন স্টাফকে মারধর করে আহত করেছে এর মধ্যে কয়েকজন মেডিক্যালে ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আইনশৃঙ্খলার দায়িত্বরত পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। পরবর্তীতে আইনানুসারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
শাওন খান/কেএইচকে/এএসএম