বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে তার আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’ নিয়ে আলোচনায় রয়েছেন। প্রিয়দর্শন পরিচালিত এ সিনেমার ট্রেলার এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তবে সিনেমার বাইরেও এবার নিজের ব্যক্তিগত জীবনের এক মজার স্মৃতি সামনে আনলেন এই তারকা।
সম্প্রতি একটি কুইজ রিয়েলিটি শো ‘হোল অব ফরচুন’-এ হাজির হয়ে ছোটবেলার নানা দুষ্টুমির গল্প শোনান অক্ষয়। এ সময় দর্শকসারিতেই উপস্থিত ছিলেন তার শৈশবের বন্ধু জিগ্নেশ। তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা নিজেই।
আড্ডার একপর্যায়ে অক্ষয় জানান, তাদের বন্ধুত্ব শুরু কিন্ডারগার্টেন থেকেই। শুধু তাই নয়, কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত তারা দুজনই তিনবার করে ফেল করেছিলেন। এই তথ্য শুনে উপস্থিত দর্শক ও প্রতিযোগীরা বিস্মিত হয়ে যান।
এরপর মজার ছলে অক্ষয় বন্ধুকে প্রশ্ন করেন, কেন সে বারবার ফেল করত? জবাবে জিগ্নেশ হাসতে হাসতেই বলেন, ‘তোমার সঙ্গে সময় কাটাতাম বলেই!’ বন্ধুর এই জবাবে হাসির রোল পড়ে যায় পুরো সেটে।
অক্ষয় আরও জানান, তার এই বন্ধুর নাকি ছোটবেলায় একটি মজার অভ্যাস ছিল-সাইকেল চালিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো। যদিও জিগ্নেশ সঙ্গে সঙ্গে মজা করে পাল্টা বলেন, ‘তোমার কী মনে হয়, আমি দেখতাম নাকি ও?’-এই কথায় আবারও জমে ওঠে হাসির পরিবেশ।
আরও পড়ুন:রাহুল স্মরণে বিনামূল্যে দেখানো হবে তার শেষ সিনেমা ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে তিনদিনের উৎসব, যা দেখা যাবে
এদিকে ‘ভূত বাংলা’ সিনেমার মুক্তির তারিখে এসেছে পরিবর্তন। আগে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ‘ধুরন্ধর ২’-এর প্রভাব এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এখন নতুন করে সিনেমাটি মুক্তি পাবে ১৭ এপ্রিল। তার আগে ১৬ এপ্রিল রাত ৯টা থেকে শুরু হবে বিশেষ প্রিভিউ শো।
এমএমএফ