ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কিশোরীর বাবাকে আর্থিক জরিমানা করার পাশাপাশি বিয়ের জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ খাবার জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কসবা পৌরসভার বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বগাবাড়ি এলাকায় এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরে প্রশাসন তদন্ত করে দেখতে পায়, জন্মসনদ অনুযায়ী ওই কিশোরীর বয়স ১৬ বছর ৬ মাস এবং সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ফলে আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার বিয়ে দেওয়ার প্রস্তুতি অবৈধ হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনায় ওই কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা দেন। এছাড়া অভিযানকালে বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার জব্দ করে স্থানীয় আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এটি একটি মেয়ের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। প্রশাসন এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। বাল্যবিবাহ রোধে অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম