দেশজুড়ে

জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজি, ‘গালকাটা’ ইব্রাহিম গ্রেফতার

জয়পুরহাট শহরে একটি শোরুমে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় ইব্রাহিম হোসেন ওরফে ‘গালকাটা ইব্রাহিম’ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল দুপুরে শহরের ‘রাবেয়া ট্রেডার্স’ শোরুমে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে ইব্রাহিম। পরে ৯ এপ্রিল বিকেলে আবারও সেখানে গিয়ে তাণ্ডব চালান তিনি। এ সময় শোরুমের মালিক উজ্জ্বল হায়াতের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চান তিনি। ম্যানেজার এতে রাজি না হলে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন।

একপর্যায়ে তিনি শোরুমের টেবিলে থাকা ক্যাশ ড্রয়ার টেনে খুলে নেওয়ার চেষ্টা করে। ম্যানেজার বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। পরে চিৎকার শুনে পাশের দোকানের কর্মচারী শাহ আলম বাবু ও বাড়ির মালিক সুমন চৌধুরী এগিয়ে এলে ইব্রাহিম ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার বাদী ও শোরুমের ম্যানেজার মাসুদ রেজা বলেন, ইব্রাহিম এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার হুমকিতে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। পরে শোরুম মালিকের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দ্রুত বিচার আইনে মামলা গ্রহণ করে অভিযুক্ত ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাহফুজ রহমান/কেএইচকে/এমএস