জাতীয়

বঙ্গোপসাগরে ফিশিং টলার থেকে যেভাবে ৫ লাখ ইয়াবা জব্দ

চট্টগ্রামে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ফিশিং টলার থেকে এসব ইয়াবা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান র‌্যাব-৭ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেফতাররা হলেন- রোহিঙ্গা নাগরিক কক্সবাজারের উখিয়া ১৫নং শরণার্থী ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০নং ক্যাম্পের সুলতান আহম্মদ(৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), কক্সবাজারের মহেশখালী থানার জালিয়াপাড়া বাঘকাটাঘোনার গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে শাহ আলম (৩৫), টেকনাফ থানার দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী উল্লাহর ছেলে আজম উল্লাহ (৫৭), একই গ্রামের সিদ্দিক আহম্মদের ছেলে মো. ফারুক (২৫) এবং ডেল পাড়া গ্রামের মৃত মোজাহেরুল হকের ছেলে ছানাউল্লাহ (৫৭)।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা আসার খবরে শুক্রবার রাতে বঙ্গোপসাগরে একটি ফিশিং টলারে অভিযান চালানো হয়। অভিযানের সময় টলারটির মাছের স্টোর থেকে ইয়াবা ভর্তি তিনটি বস্তা জব্দ করা হয়। এসব বস্তা খুলে ইয়াবার ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতি কার্ডে ১০ হাজার করে ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ৫ জন রোহিঙ্গা, ৪ জন বাংলাদেশি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু দিন ধরে তারা ইয়াবার কারবারে জড়িত বলে স্বীকার করেছেন। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

এমডিআইএইচ/ইএ