চট্টগ্রাম নগরের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও শৃঙ্খলিত করতে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করছে সিটি করপোরেশন। পাশাপাশি আরও ৭ থেকে ৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (১২ এপ্রিল) নগরের উত্তর কাট্টলী এলাকার নিউ মনসুরাবাদে একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মেয়র বলেন, ‘বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে চারটির নির্মাণকাজ শেষ হয়েছে, ১৫টির কাজ চলমান এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এসব ব্রিজ চালু হলে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমবে।
উদ্বোধনের অপেক্ষায় থাকা নিউ মনসুরাবাদ ফুটওভার ব্রিজটি প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এর দৈর্ঘ্য ৩১ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ৩ মিটার। ব্রিজটির দুই পাশে দুটি সিঁড়ি থাকবে।
মেয়র বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটসংলগ্ন হওয়ায় এ ব্রিজটি গুরুত্বপূর্ণ। এটি চালু হলে স্থানীয় বাসিন্দা, দূরপাল্লার যাত্রী ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের ফলে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভার ব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের লক্ষ্য।
প্রকল্পটি সরকারের অর্থায়নে বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নির্মাণ করছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও তাসমিয়া তাহসিন, সহকারী প্রকৌশলী সজীব রেজা হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় এলাকাবাসী।
এমআরএএইচ/এএমএ