দেশজুড়ে

একজনে চলে জেলা ভোক্তা অধিকারের কার্যক্রম, জনবলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী জেলা ভোক্তা অধিকার কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)। তাদের দাবি, এখানে একজন মাত্র অপারেটর দিয়েই চলে সকল কার্যক্রম।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বাণিজ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ বলেন, ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও নোয়াখালী জেলা কার্যালয় চলছে মাত্র একজন কম্পিউটার অপারেটর দিয়ে। ফেনীর উপ-পরিচালককে এখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মাসে মাত্র ৩ দিনও অফিস করেন না। ফলে জেলার বিশাল জনগোষ্ঠীর ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার তদারকি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ-এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ-এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল।

তিনি অভিযোগ করে বলেন নিয়মিত কর্মকর্তা না থাকায় জেলায় বাজার সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে, অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছে এবং ভেজাল পণ্য বিক্রি করছে, নজরদারির অভাবে সাধারণ ভোক্তারা আর্থিক ও স্বাস্থ্যগতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অনতিবিলম্বে নোয়াখালীতে একজন উপ-পরিচালকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষের অধিকার রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রবি, আবু আবদুল্লাহ জিহান, মোবারক হোসেন রুবেল, হারুনুর রশিদ এবং মুজাহিদুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে সিসিএস-এর প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস