বাংলাদেশ বহু জাতি ও ধর্মের দেশ। এখানে বসবাসরত প্রতিটি জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য। কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই।
রোববার (১২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে স্বাধীনতার বইমেলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি ও গবেষক হাফিজ রশিদ খান। নগরের কাজীর দেউরী জেলা স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলা চলছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ১৯ দিনব্যাপী বইমেলার ১৩তম দিনে ‘নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাফিজ রশিদ খান জানান, দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী স্মরণাতীতকাল থেকে এ ভূখণ্ডে বসবাস করে আসছে। ফলে তাদের বহিরাগত হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তাদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করা বৈজ্ঞানিক ও সামাজিকভাবে সঠিক নয়। ‘আদিবাসী’ শব্দটিই তাদের পরিচয় ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে। বৃহত্তর জনগোষ্ঠীর পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের প্রায় এক-দশমাংশ এলাকা নিয়ে গঠিত এ অঞ্চলে বাঙালিসহ প্রায় ১৬টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে।
পাঠ্যপুস্তকে সঠিক ও তথ্যভিত্তিক ইতিহাস উপস্থাপনের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন হাফিজ রশিদ খান। একই সঙ্গে তিনি শব্দ পরিবর্তনের নামে রাষ্ট্রীয় পর্যায়ে অপ্রয়োজনীয় ব্যয়েরও সমালোচনা করেন।
একটি জাতির অস্তিত্ব প্রসঙ্গে তিনি বলেন, একজন সদস্য বেঁচে থাকলেও সেই জাতির অস্তিত্ব টিকে থাকে। একজন মানুষও সমাজে বড় পরিবর্তন আনতে পারেন। রাষ্ট্রের দায়িত্ব তুলে ধরে তিনি বলেন, সব নাগরিকের জন্য শিক্ষা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা দিতে হবে। দেশে সম্পদের অভাব নেই, বরং অভাব রয়েছে আন্তরিকতা, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার।
সংস্কৃতি ও জীবনধারার বৈচিত্র্য প্রসঙ্গে এ গবেষক বলেন, খাদ্যাভ্যাস বা ভাষা নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্যের কারণে জীবনধারার ভিন্নতা স্বাভাবিক।
তিনি নতুন সরকার ঘোষিত ‘রেইনবো বাংলাদেশ’ ধারণা বাস্তবায়নের মাধ্যমে বৈচিত্র্যের প্রতি সম্মান জানিয়ে সব জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী রিফাত চৌধুরী লিজা গান পরিবেশন করেন। এছাড়া চসিকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
গবেষক ও শিক্ষাবিদ ড. শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আজাদ বুলবুল, কথাসাহিত্যিক নাসের রহমান ও সম্পাদক কর্মধন তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিদা নাজু।
এমআরএএইচ/একিউএফ