মুন্সিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় দাবি মানা না হলে জেলার সব সরকারি দপ্তরের সংবাদ বর্জন করার ঘোষণা দেন তারা।
রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা স্বাস্থ্য বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী ও মামলার বাদী মিজানুর রহমানের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থার গ্রহণের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ করেন সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান গত ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে জেলায় দুর্নীতির জাল বিস্তার করেছেন। একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তার কাছে জিম্মি হয়ে আছে।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, ঘুস নেওয়ার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণ থাকার পরও এক মাসেও ব্যবস্থা নেওয়া হয়নি। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাব।
সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, চিহ্নিত এই দুর্নীতিবাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মুন্সিগঞ্জের সকল সংবাদকর্মী কলম বিরতিতে যেতে বাধ্য হবেন।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মাহবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান সাবেক সাধারণ সম্পাদক ভবতোশ চৌধুরী নুপুর সহ আরো অনেকে।
উল্লেখ্য মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুস গ্রহণের ঘটনায় ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে গত ১০ মার্চ স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের সময় পত্রিকা ও বাংলাদেশ প্রতিদিন অনলাইনে ওই দুর্নীতির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। এর জের ধরে এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক মুন্সিগঞ্জের সময়ের সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধির জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে মামলা করেন অভিযুক্ত মিজানুর রহমান।
শুভ ঘোষ/কেএইচকে