চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান এর উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি আবাসিক হলের প্রতিটি হল থেকে দুজনের সমন্বয়ে গঠিত ১১টি দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল। দ্বিতীয় স্থান অর্জন করে নবাব সলিমুল্লাহ হল। আর তৃতীয় হয় এ এফ এম কামালউদ্দিন হল।
বিজয়ী তিন হলের প্রতিনিধিদের যথাক্রমে রাজহাঁস, মুরগি ও একজোড়া কবুতর পুরস্কার হিসেবে দেওয়া হয়।
আয়োজক কমিটির সদস্যরা জানান, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে তরুণ প্রজন্ম যে আন্তরিকভাবে কাজ করছে, তা আশাব্যঞ্জক। আমরা যে জায়গাগুলোতে কিছুটা বিচ্যুত হয়েছি, এ ধরনের আয়োজনের মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে বলে আমি মনে করি।’
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘অংশগ্রহণকারী হলগুলোর আন্তরিকতার কারণে আজকের এ আয়োজন সফল হয়েছে। শিক্ষার্থীরা অংশ না নিলে এমন প্রাণবন্ত আয়োজন সম্ভব হতো না।’
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর এ কে এম রাশেদুল আলম, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রকিব হাসান প্রান্ত/এসআর/এমএস