ভয়াবহ এক ট্রাজেডির সাক্ষী হলো ঘানার ফুটবল। টিম বাসে ডাকাত দলের সশস্ত্র হামলায় নিহত হয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির তরুণ উইঙ্গার ডমিনিক ফ্রিমপং। রোববার একটি অ্যাওয়ে ম্যাচ শেষে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে ঘানা ফুটবল ফেডারেশন (জিএফএ)।
জানা যায়, দক্ষিণ ঘানার সামরেবোইয়ে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে দলটি বেয়ারেকুমে ফিরছিল। পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে তাদের বাসটি সশস্ত্র ডাকাতদের কবলে পড়ে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, আমাদের বাসের পথ আটকে দেয় একদল মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত। চালক বাসটি পেছনে নেওয়ার চেষ্টা করলে তারা গুলি চালায়। এতে খেলোয়াড় ও কর্মকর্তারা প্রাণ বাঁচাতে পাশের ঝোপে পালিয়ে আশ্রয় নেন।
পরবর্তীতে জিএফএ নিশ্চিত করে যে, ২০ বছর বয়সী ডমিনিক ফ্রিমপং এই হামলায় প্রাণ হারিয়েছেন।
সংস্থাটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, ডমিনিক ছিলেন সম্ভাবনাময় এক তরুণ ফুটবলার। তার মৃত্যু শুধু বেয়ারেকুম চেলসির জন্য নয়, পুরো ঘানার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।
এ ঘটনার পর দেশটির ফুটবল সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর যাতায়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালেও একই এলাকায় লেগন সিটিস-এর দলীয় বাসে হামলার ঘটনা ঘটেছিল, তবে তখন কেউ হতাহত হয়নি।
এমএমআর