দেশজুড়ে

জ্বালানি সংকটেও অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, ছাত্রদল নেতাকে অব্যাহতি

নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন মাসুদ রানা প্রামাণিক নামের একজন চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনার পর তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।

দেশব্যাপী জ্বালানি সংকটের মধ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়িবহর নিয়ে শোডাউন করেন মাসুদ রানা। এমন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত মাইক্রোবাস ও প্রাইভেটকারের একটি বিশাল বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এসময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।

মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শন করতেই তিনি এ গাড়িবহরের আয়োজন করেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিক বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার আগেই রোজার মাসে করার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। ঈদের পরে গাড়ি চালকদের ভাড়ার চাপ কম থাকায় তারাও বলছিল, এখন প্রোগ্রামটা করলে তাদের জন্যও ভালো হয়। সে কারণেই আজকে প্রোগ্রামটা করা। তাছাড়া শোডাউনে অংশ নেওয়া বেশিরভাগই এলপিজি ও সিএনজিচালিত গাড়ি ছিল বলে দাবি করেন তিনি।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ‘বিষয়টি আমিও দেখেছি। বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার করছেন না, সেখানে এতগুলো গাড়ি ব্যবহার করা নিঃসন্দেহে অন্যায় হয়েছে। আমরা কেন্দ্রকে বিষয়টি জানানোর পর সাংগাঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদ রানাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম