কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান।
অভিযানে ‘রিসা বীজ ভান্ডার’ নামের একটি দোকান থেকে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ৬২৬টি প্যাকেট বালাইনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৭৪টি পণ্য বাজারে সরবরাহ করা হলেও এর মধ্যে মাত্র আটটির সরকারি অনুমোদন রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপজেলা কৃষি অফিসের যাচাইয়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক ব্যবহারে ফসলের ব্যাপক ক্ষতি হয়। উৎপাদন ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম