রাজধানীর মোহাম্মদপুরে এসির গ্যাস লিক হতে থাকা মাইক্রোবাসে সিগারেট ধরাতে গিয়ে দুজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ দুজন হলেন আবু হোসেন (৫২) ও আবুল বাশার (৪০)। আবু হোসেন পেশায় গাড়িচালক ও আবুল বাশার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা মাইক্রোবাসে করে মোহাম্মদপুর বেড়িবাঁধ পার হচ্ছিলেন। এসময় গাড়ির এসির গ্যাস যে লিক হচ্ছিল তা তারা বুঝতে পারেননি। এর মধ্যে লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় আগুন ধরে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশিদ জানান, আবু হোসেনের ১২ শতাংশ ও আবুল বাশারের দুই হাত সামান্য দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কেএডেজআইএ/একিউএফ/এমএস