দেশজুড়ে

যশোরে স্কুলশিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ, ঘরে আগুন

যশোরের অভয়নগরে প্রশান্ত কুমার মুখার্জী নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার পায়রা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রশান্ত কুমার মুখার্জী পায়রা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পরিবার সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা লাল টেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পর ঘরের পাশে একটি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা হয়। রাতে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পায়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় শিক্ষক পরিবার বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, একজন স্কুলশিক্ষকের বাড়ি থেকে লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘরে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মিলন রহমান/এসআর/এমএস