দেশজুড়ে

নববর্ষে ঘুরতে বেরিয়ে ঘরে ফেরা হলো না সাদাদের

গাইবান্ধায় পহেলা বৈশাখের উৎসবে ঘাঘট নদীতে গোসল করতে নেমে সাদাদ আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘মিনি জাফলং’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থেকে এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা নববর্ষ উপলক্ষে বিকেলে চার বন্ধু মিলে ঘাঘট নদীর পাড়ে বেড়াতে আসে সাদাদ। একপর্যায়ে সে নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও সে পানি থেকে ফিরে না আসায় বন্ধুরা চিৎকার শুরু করে। স্থানীয়রা তাৎক্ষণিক নদীতে নেমে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে স্থানীয়ভাবে সন্ধান না মেলায় রংপুর থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়।

রংপুর ডুবুরি ইউনিটের লিডার আসাদুজ্জামান জানান, বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ভেড়ামারা ব্রিজের নিচ থেকে শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই আমরা।

সাদাদের বন্ধু রিয়াদ জানায়, আমরা চার বন্ধু মিলে পহেলা বৈশাখ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলাম। সাদাদ একাই গোসল করতে নামে। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং স্থানীয়দের জানাই।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এমএস