নাটোরের লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শামীম সরকার (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নওপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম সরকার লালপুর উপজেলার নাগশোষা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার পহেলা বৈশাখে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত তিনি দোতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে থানা পুলিশ। পরে পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস