পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমরা বাঙালি তাই বাংলা সংস্কৃতি ধারণ করেই পথ চলতে চাই। ভিনদেশি সংস্কৃতি পরিহার করে দেশীয় ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জেলার জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের সেতু সংলগ্ন বৈশাখী চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
এমপি মাসুদ সাঈদী বলেন, পশ্চিমা সংস্কৃতি ধীরে ধীরে আমাদের দেশীয় সংস্কৃতিকে গ্রাস করছে। এ অবস্থা থেকে উত্তরণে তরুণ প্রজন্মের মাঝে বাঙালিয়ানার চর্চা জোরদার করতে হবে।
একটি জাতির অস্তিত্ব টিকে থাকে তার নিজস্ব ভাষা ও সংস্কৃতির ওপর, এ কথা উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অতীতের সরকার দেশীয় সংস্কৃতির চেয়ে ভিনদেশি সংস্কৃতি বিস্তারে বেশি আগ্রহী ছিল। তাদের লক্ষ্য ছিল বিদেশি শক্তিকে সন্তুষ্ট রেখে ক্ষমতায় টিকে থাকা, যা দেশের জন্য কল্যাণকর ছিল না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি শামীম হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম শহিদ ও ছাত্রদলের সভাপতি আল আমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মো. তরিকুল ইসলাম/এমএন/এমএস