যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় মধ্যস্থতায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সৌদি আরব, কাতার ও তুরস্কে চার দিনের কূটনৈতিক সফরে যাচ্ছেন। খবর আল জাজিরার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সরকারি সফর বুধবার থেকে শনিবার পর্যন্ত নির্ধারিত হয়েছে। সৌদি আরব ও কাতারে বৈঠকগুলো ‘দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে’ অনুষ্ঠিত হবে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ব বৈঠকে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, শাহবাজ শরিফ তাকে তার সহযোগী মধ্যস্থতাকারীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা এবং আরও আলোচনা নিশ্চিত করার উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন। এই উদ্যোগটি দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে নেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চলবে।
আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য প্রধান শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
সোমবার নতুন শান্তি আলোচনার ব্যবস্থা করার জন্য গোপনে আলোচনা চলছে বলে অসমর্থিত খবর প্রকাশের পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মন্তব্য থেকে বোঝা যায় যে শাহবাজ শরিফের এই উদ্যোগের প্রতি দেশগুলোর সমর্থন রয়েছে।
গত রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে ২১ ঘণ্টার মুখোমুখি আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার প্রকাশিত নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে আলোচনা পুনরায় শুরু হতে পারে।
টিটিএন