জাতীয়

রাউজানে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্যরা। এতে নেতৃত্ব দেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

অভিযানে মোহাম্মদ দৌলত (৩৩) নামের এক ব্যক্তিকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার বাসিন্দা।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার তাক থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা জব্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।

এমআরএএইচ/জেএইচ