মেধা অন্বেষণের মেলা আয়োজন করেছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ। ঢাকার ২০টি স্কুলের বাণিজ্যিক বিভাগের দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘রাজউক ন্যাশনাল বিজনেস ফেস্ট -২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় ভাবনা, নানা প্রতিযোগিতা ও আধুনিক বাণিজ্যিকের ছয়টি সেশনে সাজানো হয় এ বিজনেস ফিস্ট।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে এ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। ছয়টি সেশনের মধ্যে রয়েছে- বিজনেস ওলিপিয়া, কুইজ, ওলার্ল্ড ম্যাগাজিন তৈরি, ফটোগ্রাফি প্রদর্শন, বিজনেস আইডিয়া ও বিজ্ঞাপন তৈরি।
রাজউক উত্তরা মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সোমাইয়া, ইফা, আফরিন, জুঁই খান ও জাকিয়ারা পরিবেশ সুরক্ষা নিয়ে নতুন কিছুর উদ্ভাবন করতে চান। ছয়টি সেশনে অংশ নিতে তারা গত এক সপ্তাহ দিন-রাত পরিশ্রম করে নতুন উদ্যোক্তা, অর্থ যোগান, ওয়াল পেপার আঁকা ও ফটোগ্রাফি করে বিজয়ী হয়েছেন।
এই শিক্ষার্থীরা বলেন, কীভাবে দেশে পরিবেশ বান্ধব পণ্য তৈরি করা যায় তা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের প্রয়োজনীয় পণ্যের বিজ্ঞাপনগুলো কিভাবে আরও কম খরচে তৈরি করা যায় সেই ভাবনা নিয়েও আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে অনেক আনন্দ লাগছে।
শহীদ বীর উত্তম কলেজের একাদশের শিক্ষার্থী তানজিদা আক্তার, আঁখি সুমাইয়ারা একটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। তারা বলেন, আমরা আমাদের পাঠ্যবইয়ের ওপর থেকে জ্ঞানার্জন করে আমরা নতুন ধারণা অর্জন করেছি। এ ধরনের প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা দরকার বলে মন্তব্য করেন। মোট ছয়টি ক্যাটাগরিতে ছয়টি দলকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।
রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রি. জেনারেল এমএম সালেহিনকে প্রধান করে চার সদস্যের একটি বিচারক দল গঠন করা হয়। তাদের মধ্যে বিচারক দলের অন্য সদস্যরা ছিলেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মুরাদ হোসেন, রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিষয়ের শিক্ষক হাসান হাবিব, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধারা শাখা প্রধান জগদীস চন্দ্র পাল ও দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক মোসতাক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহাফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং (এইচওএম) সাখাওয়াত আহমেদ, রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রি. জেনারেল এমএম সালেহিন প্রমুখ।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন বাড্ডি ওয়েফার ও প্রাণ জিরা পানি। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ও জাগো এফএম।এমএইচএম/আরএস/জেআইএম