গাজীপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি পূর্ব চান্দনা এলাকার গাজীপুর কেন্দ্রীয় কবর স্থানে এ ঘটনা ঘটে।আটক যুবকের নাম মো. রাকিব (২৪)। তিনি নওগাঁর রানীগঞ্জ থানার কামতা এলাকার আব্দুস ছামাদের ছেলে। জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর কেন্দ্রীয় কবর স্থানের পুরাতন কবর থেকে তিন যুবক কঙ্কালের হাড় চুরি করে ব্যাগ ভরছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে এক যুবককে ধরে ফেলে এবং অপর দুই জন পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যায় ওই যুবককে আটক করা থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি