খুলনায় আদালতের নিরাপত্তার দায়িত্ব পালনকালে এক আইনজীবীর কিল-ঘুষিতে পুলিশ সদস্য আলাউদ্দিন আহত হয়েছেন।
বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ঘটনাটি ঘটে। আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালত চলাকালে সাদা টি-শার্ট পরে অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্ত কাঠগড়ায় দাঁড়ানো এক আসামির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এসময় এজলাসের মধ্যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কনস্টেবল আলাউদ্দিন (কং নং-৪৭৩৬) তাকে আসামির সঙ্গে কথা বলতে নিষেধ করে পরিচয় জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্ত তার মুখে কিল-ঘুষি মারেন।
পরে এ নিয়ে এজলাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এজলাস ও আদালতে দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনার পর আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আহত পুলিশ সদস্য আলাউদ্দিন বলেন, বেলা পৌনে ১১টার দিকে আদালত চলাকালে সাদা টি-শার্ট পরে হাফিজুর রহমান শান্ত এজলাসে প্রবেশ করে এক আসামির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এসময় তার পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে হঠাৎ তার মুখে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার ঠোঁট কেটে যায় এবং জখম হন। এছাড়া তার মুখ ফুলে গেছে।
খুলনা আদালত পরিদর্শক খালেদা ইয়াসমিন বলেন, ঘটনাটি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশ মতো এ ব্যাপারে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান পপলু বলেন, খবর পেয়ে আমি তখনই ওই এজলাসে গিয়েছিলাম। তবে একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময় কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা আলাপ-আলোচনা করে ঘটনাটির মীমাংসা করব।
আলমগীর হান্নান/এআরএ/জেআইএম