দেশজুড়ে

এবারের খেলা ডু অর ডাই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ফতুল্লা এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। এবার আমি উন্নয়নের বদলে রাজনীতি করব। যারা ভালো রাজনীতি করছে তাদের ওয়েলকাম। কিন্তু যারা ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে আমিও খেলতে চাই। এবারের খেলা ডু অর ডাই। এবার কঠিন খেলা হবে। ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে চাষাঢ়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শামীম ওসমান বলেন, ইতোমধ্যে খেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে হত্যারও ষড়যন্ত্র হচ্ছে। রূপগঞ্জে যেসব ভারী অস্ত্র উদ্ধার হয়েছে সেটা একটা খেলারই অংশ।

তিনি আরও বলেন, দেশে আগামীতে বড় ধরনের আঘাত আসবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি যতবার ঐক্য গড়ে তোলার চেষ্টা করি ততবারই ভাঙনের চেষ্টা করা হয়। তাই এবার আমি উন্নয়ন ছেড়ে রাজনীতি করব। খেলতে নামব। কড়া খেলা হবে।

স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, নতুন করে কোনো পাপীকে কমিটিতে স্থান দেয়ার দরকার নেই। পরীক্ষিত নেতাদের দিয়েই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে কোনো নেতার কথা শোনা যাবে না। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, আজ স্বেচ্ছাসেবক লীগের পাশাপাশি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। কিন্তু আমি কোনো সুখবর দিতে পারছি না। কারণ যুগান্তরে খবর এসেছে আগামী এক বছরে দেশে জঙ্গি হামলা ও গণহত্যা হবে। কারণ একটা ষড়যন্ত্র চলছে এটা আগামীতেও চলবে। নারায়ণগঞ্জও এর বাইরে নয়। আমি জানি সামনে আঘাত আসবে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ-সভাপতি গোপীনাথ দাস, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জেলা তাতীলীগের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা লীগ সভাপতি ইসরাত জাহান স্মৃতি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি