উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র শুরু না হলে রূপগঞ্জে এত অস্ত্র পাওয়া যায় না। এই অস্ত্র সরকারকে সাহায্য করার জন্য আনা হয়নি বরং সরকারকে ধ্বংস করার জন্য আনা হয়েছে।
তিনি বলেন, সব শকুন এক হয়েছে মরণ আঘাত হানার জন্য। তারা প্ল্যান করেছে। সেই অনুযায়ী একটা লিস্টও করেছে। নির্বাচনের রাতে সারাদেশে শত হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের ও মুক্তিযোদ্ধাদের হত্যা করবে।
সিদ্ধিরগঞ্জের পুল ঈদগাহ মাঠে বুধবার বিকেলে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১২ আগস্ট নারায়ণগঞ্জে র্যালির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।
ওরা কী করতে চায় প্রশ্ন রেখে শামীম ওসমান বলেন, ওদের টার্গেট একটাই। আর সেটা হচ্ছে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, আভ্যন্তরীণ কোন্দলের কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পক্ষের শক্তিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন রেণুর সভাপতিত্ব এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক কাউন্সিলর হাজি ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের যুগ্ম-সম্পাদক মো. এনায়েত হোসেন প্রমুখ।
হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম