মাদক ও জঙ্গিবাদ রুখতে মাদক ও জঙ্গিবিরোধী কনসার্ট করবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। আগামী ২৭ জুলাই ‘বসুন্ধরা এক্সপো জোনে’ এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাদক ও জঙ্গিবিরোধী কনসার্ট-২০১৮’ আয়োজনের বিষয়ে ক্র্যাব ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে বলা হয়, কনসার্টে বাংলাদেশের প্রথিতযশা শিল্পী সাবিনা ইয়াসমিন, মাইলস ব্যান্ড গ্রুপসহ জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং ভারতের জনপ্রিয় শিল্পী বাপ্পী লাহিড়ী, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, শান, ঊর্বশী রাউটুলা, মুম্বাই ড্যান্স গ্রুপসহ দেশি-বিদেশি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীরা উপস্থিত থাকবেন।
চুক্তিতে ক্র্যাবের পক্ষে সাধারণ সম্পাদক সরোয়ার আলম ও অন্তর শোবিজের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী স্বাক্ষর করেন। এ সময় ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি মাসুম মিজান, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহরিয়ার আরিফ, দফতর সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আরিফ ও খন্দকার হানিফ রাজাসহ ক্র্যাব সদস্যবৃন্দ, অন্তর শোবিজের ম্যানেজিং ডিরেক্টর নাসরিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ক্র্যাব সদস্য ছাড়া অন্যরা নির্ধারিত টাকার বিনিময়ে টিকিট ক্রয় করে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। কনসার্টে অংশ নেয়ার জন্য দেশি-বিদেশি শিল্পীদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও ক্র্যাব ও অন্তর শোবিজর পক্ষ থেকে জানানো হয়।
আরএম/বিএ