দেশজুড়ে

চকরিয়ায় মৎস্য প্রকল্পে ডাকাতি : আহত ৩

কক্সবাজারের চকরিয়ায় একটি মৎস্য প্রকল্পে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সশস্ত্র ডাকাতদল তিন কর্মচারীকে গুলি ও ছুরিকাঘাত করে মাছসহ অন্তত সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের চিলখালী এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মৎস্য প্রকল্পের কর্মচারী মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের শামসুল আলমের ছেলে আবুল কালাম (৩৪), আলী আহমদের ছেলে আবদুল করিম (৩২) ও রশিদ আহমদের ছেলে শাকের আলী (২৮)। আহতদের মধ্যে আবুল কালাম ও আবদুল করিমকে শনিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চকরিয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন মৎস্য প্রকল্পের আহত কর্মচারী শাকের আলী বলেন, রাতে একদল ডাকাত গুলি ছুঁড়তে ছুঁড়তে মৎস্য প্রকল্পে ঢোকে। এ সময় প্রথমে একজন কর্মচারী গুলিবিদ্ধ হন। পরে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করা হলে তারা লম্বা ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনিসহ মৎস্য প্রকল্পের তিন কর্মচারী কোমরে, ঘাড়ে ও হাতে জখম হন। মৎস্য প্রকল্পের মালিক চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার মোহাম্মদ খোকন অভিযোগ করেন, পাশের উপজেলা মহেশখালীর চিহ্নিত ডাকাত সর্দার বজল আহমদের নেতৃত্বে সহযোগী জাফর ও আবুল হোসেনসহ ১০-১২ জন সশস্ত্র ডাকাতদল তার মৎস্য প্রকল্পে হানা দেয়। এসময় তারা কর্মচারীদের কুপিয়ে ও গুলি করে আহত করে মাছ, জাল ও একটি পাম্প মেশিনসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন বলেন, মৎস্য প্রকল্পে হামলার ঘটনায় আহতদের হাসপাতালে দেখে এসেছি। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযুক্ত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সায়ীদ আলমগীর/এফএ/এমএস