নওগাঁয় খাদ্যগুদামের জন্য সরকারিভাবে ধান ও গম সংগ্রহের অভিযানের শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় প্রধান অতিথি হিসেবে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যারা প্রকৃত কৃষক তাদের কাছে কৃষি কার্ড এবং দশ টাকায় খোলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আর এ কার্ডের মাধ্যমে প্রত্যেক প্রান্তিক কৃষকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ধান ও গম কেনা হবে। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। এতে কৃষকের দালালদের দ্বারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না।তিনি আরো জানান, এবার জেলায় প্রান্তিক কৃষকের নিকট থেকে প্রতি কেজি ধান ২৩ টাকা দরে মোট ২৬ হাজার ৫৪৫ মেট্রিক টন এবং প্রতি কেজি গম ২৮ টাকা দরে মোট ৯ হাজার ৪৫২ মেট্রিক টন কেনা হবে।এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম, খাদ্যগুদাম অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুন কুমার প্রামানিক, জেলা ও উপজেলা পর্যায়ের চালকল মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।আব্বাস আলী/এফএ/এমএস