দেশজুড়ে

টঙ্গীতে জোড়া খুন : ১২ জনের নামে মামলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগর এলাকায় দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে। মামলায় বিএনপি নেতা কামরুল ইসলামকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ।রোববার গভীর রাতে টঙ্গী মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত শরীফের মা মোসা. ইয়ানুর বেগম। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, এরশাদ নগর এলাকায় তার পরিচিত ১২ জন পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলে শরীফ হোসেন ও সহযোগী জুম্মনকে কুপিয়ে হত্যা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব ছিল নিহত শরীফের। আর এই দ্বন্দ্বের জের ধরে এ জোড়া খুনের ঘটনা ঘটে। এরই মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।প্রসঙ্গত, রোববার সকালে টঙ্গীর এরশাদ নগর এলাকায় আলাউদ্দিনের ছেলে শরীফুল ইসলাম ও একই এলাকার হারুন মিয়ার ছেলে জুম্মন আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শরীফুল ইসলাম শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ৪৯ নং ওয়ার্ড সভাপতি ছিলেন। আর নিহত জুম্মান ছিলেন শরীফের বন্ধু। জুম্মন স্থানীয় একটি টুপি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।আমিনুল ইসলাম/এফএ/এমএস