দেশজুড়ে

রাবি শিক্ষক হত্যায় ৪ জেএমবি জড়িত : আরএমপি কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন জেএমবির ৪ সদস্য প্রত্যক্ষভাবে জড়িত বলে দাবি করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। মঙ্গলবার দুপুরে আরএমপির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূলত ইসলামবিরোধী কোনো কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে ঘটনা ঘটিয়েছে বলে বগুড়া থেকে গ্রেফতার হওয়া জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ জানিয়েছে। এ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহকে গত ১৫ মে রাতে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ১৬ মে সোমবার আদালতের মাধ্যমে হাজির করা হলে আসামি আবদুল্লাহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।পরে আবদুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মহানগরীর খড়খড়ি এলাকা থেকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও আটকদের বাড়ি থেকে একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তবে আসামি আবদুল্লাহর দাবি, উদ্ধার হওয়া চাপাতি ও ছোরা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়নি। হত্যাকাণ্ডে অন্য চাপাতি ব্যবহার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেফতার হওয়া তিনজনের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।এ সময় পুলিশ কমিশনার আরো জানান, ঘটনার কারণ, পরিকল্পনাকারী এবং স্থানীয় সহযোগীদের গ্রেফতারের জন্যও তৎপরতা চলছে। গ্রেফতারদের আজ বিকেলের মধ্যেই রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। এ সময় সংবাদ সম্মেলনে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন, আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম, বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার গোলাম সাকলাইনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। শাহরিয়ার অনতু/এসএস/এমএস