জাতীয়

স্পিকারের প্রয়াত স্ত্রী দিলারা হাফিজের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের প্রয়াত স্ত্রী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) গুলশান সোসাইটি জামে মসজিদে এ দোয়া হয়। মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন।

এসময় স্পিকার হাফিজ উদ্দিন দোয়ায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে বলেন, তার স্ত্রী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। নিয়মিত নামাজ-রোজা আদায় করতেন। 

স্পিকার তার প্রয়াত স্ত্রী এবং মা-বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে সে জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির উন্নতি ও কল্যাণে সব নাগরিককে কাজ করার আহ্বান জানান।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনা কর্মকর্তারা, ভোলা-৩ আসনের বিএনপির নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

দিলারা হাফিজ ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন দিলারা হাফিজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। পরে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

কেএইচ/একিউএফ