দেশজুড়ে

রাজশাহী কলেজ হোস্টেলে অগ্নিসংযোগ

রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে মারপিটের জের ধরে কলেজছাত্র হোস্টেলের কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কলেজের মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ব্লকের কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দুপুরে ছাত্রলীগ কর্মী রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে একটি হোস্টেলে তুলে নিয়ে যায়। এরপর সেখানে কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ তাকে মারপিট করে চলে যান। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হোস্টেল দুইটিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজাখুঁজি শুরু করে। তবে সেখানে তাদের না পেয়ে হোস্টেল দুইটির কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় কলেজ হোস্টেলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষ এড়াতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি