গাজীপুরের যাত্রীবেশে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইকালে সাত নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধর্মমন্ডল গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা আক্তার (৪০), রিপন মিয়ার স্ত্রী জাহানারা আক্তার জানু (২৩), মো. শের আলীর স্ত্রী সুমি আক্তার (২৫), রাসেল মিয়ার স্ত্রী কুলসুম বেহম (২০) জাকির হোসেনের স্ত্রী শিল্পী (২০) ও ইউনুছ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. শানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫)।জয়দেবপুর থানার হোতাপারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, গাজীপুরের কাপাসিয়া থেকে চন্দ্রা চৌরাস্তাগামী একটি লেগুনা দুপুর ২টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছলে ওই সাত ছিনতাইকারী ওঠে। লেগুনাটি কিছুদূর যাওয়ার পর ওই মহিলারা লেগুনাযাত্রী অপর এক নারীর যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় ওই নারীর চিৎকার শুরু করলে চালক লেগুনা থামায় এবং আশপাশের লোকজন এগিয়ে এসে ওই সাতজনকে ধরে ফেলে। এরপর তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।আটকরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।আমিনুল ইসলাম/এআরএ/এমএস