বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ভারত থেকে আমদানি করা হয়েছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল বন্দরে ঘোড়াগুলো আনা হয়। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মহসিন অ্যান্ড ব্রাদার্স টেন্ডারের মাধ্যমে এই ঘোড়াগুলো ভারত থেকে আমদানি করে ঢাকা সেনানিবাসে সরবরাহ করা হবে বলে জানা গেছে। বেনাপোলের নূর এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল কাস্টমস হাউজ থেকে ঘোড়াগুলোকে ছাড় করিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে পাঠিয়েছে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি সাজেদুর রহমান। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ঘোড়াগুলো খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে ভারত থেকে ১৪টি ঘোড়া আনা হয় বেনাপোল বন্দর দিয়ে। ঢাকার এফএস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান এই ঘোড়াগুলোর আমদানিকারক ছিল।জামাল হোসেন/এফএ/এবিএস