দেশজুড়ে

ডিএনএ প্রতিবেদনের অপেক্ষা শেষ হচ্ছে মেডিকেল বোর্ডের

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের তিন সদস্যের মেডিকেল বোর্ডকে দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।এরআগে মেডিকেল বোর্ড সিআইডির কাছে এই প্রতিবেদন চাইলে তারা বলেছিল, আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবেদন নিতে। তনুর প্রথম ময়না তদন্তে ধর্ষণের আলামত না পাওয়ার কথা বলা হলেও ডিএনএ পরীক্ষায় তিনজনের ধর্ষণের আলামত মিলেছে।আলোচিত এ প্রতিবেদনটি ফরেনসিক বিভাগের মেডিকেল বোর্ডকে দেয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাহিন বিল্লার আদালত। রোববার রাতে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জিআরও বাদল রায়।আদালত থেকে রোববার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি আদেশের কপি কুমিল্লা সিআইডি কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। সোমবার দিনের যেকোন সময় প্রতিবেদনটি মেডিকেল বোর্ডকে দেয়া হতে পারে বলে সিআইডি সূত্রে জানা গেছে।গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গল থেকে সোহাগী জাহার তনুর মরদেহ উদ্ধার করা হয়। তখন থেকেই সন্দেহ করা হচ্ছিল ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে।এরপর গত ৪ এপ্রিল তনুর মরদেহের প্রথম ময়না তদন্ত প্রতিবেদন দেয় কুমেকের ফরেনসিক বিভাগ। এতে বলা হয়, তনুকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তার আগে গত ৩০ মার্চ আদালতের নির্দেশে তনুর মরদেহে কবর থেকে তুলে দ্বিতীয় ময়না তদন্ত করা হয় ও ডিএনও নমুনা সংগ্রহ করা হয়।তবে দুই মাস কেটে গেলেও এখনো দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন দেয়নি মেডিকেল বোর্ড। গত ১৯ মে দ্বিতীয় ময়না তদন্ত বোর্ডের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেছিলেন, ‘যেহেতু ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে, তাই দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্ট তৈরির আগে ডিএনএ রিপোর্ট সহায়ক হিসেবে বিবেচনায় নিয়ে এর পর্যালোচনা করে, দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট দিতে চেয়েছিলাম, সিআইডি আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ডিএনএ রিপোর্ট নিতে বলেছে।’আদালতের নির্দেশের বিষয়ে রোববার রাতে তিনি বলেন সাংবাদিকদের বলেন, ‘ডিএনএ প্রতিবেদন আমাদের দিতে আদালত আদেশ দিয়েছে বলে শুনেছি, সোমবার এ বিষয়ে খোঁজ নেব।’

মো. কামাল উদ্দিন/এনএফ