দেশজুড়ে

কুমিল্লায় ভোটকেন্দ্রে ককটেল ফাটিয়ে সিল লুট

কুমিল্লার দাউদকান্দিতে নৌকার সমর্থকরা কেন্দ্র দখলে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ভোটকক্ষ থেকে সিল লুট করে নিয়ে গেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড গুলি চালায়। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর সরকারি প্রথমিক বিদদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ছিল।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে আধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেনের সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে নৌকার সমর্থকরা কেন্দ্রে ১৫/২০টি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় নারীসহ ২ জন ভোটার আহত হন। পরে নৌকার সমর্থকরা ভোটকক্ষে প্রবেশ করে ৪টি সিল লুট করে নিয়ে যায়।ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। কামাল উদ্দিন/এফএ/আরআইপি