শেষে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় এক কিশোরকে পেটানোর ছবি তুলতে গিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিজিবি সদস্যদের হামলায় সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন আহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে পাহাড়পুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিক সৌরভ মাহমুদ হারুনের ব্যবহৃত মোবাইল ও ক্যামেরা কেড়ে নেয় বিজিবি সদস্যরা। আহত সাংবাদিক হারুন স্থানীয় এক দৈনিকের বিশেষ প্রতিনিধি।জানা যায়, শনিবার মুরাদনগর উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনের জন্য সৌরভ মাহমুদ হারুন ওই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সকাল সোয়া ১০টার দিকে ওই কেন্দ্রে বিজিবি সদস্যরা এক কিশোরকে অমানবিকভাবে মারপিট শুরু করে। কিশোরকে মারপিটের ছবি ধারণ করতে গেলে বিজিবি সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরুড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. আল-মামুন মিয়ার উপস্থিতিতে ওই সাংবাদিকের ওপর হামলা চালায়। এসময় তার সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল কেড়ে নেয়া হয়। এসময় বিজিবির সদস্যরা তাকে বেধড়ক মারপিট করে। পরে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে। সন্ধ্যায় ১০-বিজিবির ব্যাটালিয়ন কমান্ডারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।পরে বিষয়টি কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলকে অবহিত করা হলে তিনি ঘটনার খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। অবিলম্বে তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। কামাল উদ্দিন/এআরএ/এমএস