দেশজুড়ে

রাজধানীতে নতুন করে অটোরিকশা নামানোর পরিকল্পনা নেই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরে নতুন করে সিএনজিচালিত অটোরিকশা নামানোর কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই। এতে মন্ত্রণালয়ের কোনো নৈতিক সমর্থন নেই। তবে হাইকোর্টের নির্দেশনার আলোকে নতুনভাবে পাঁচ হাজার সিএনজি নামানোর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের মতামত চাওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে মহাসড়কের পাশে দোকানপাট বসিয়ে রাস্তা দখল করতে দেয়া হবে না। এছাড়া মহাসড়কে চালানো যাবে না সিএনজি, থ্রি হুইলারসহ ব্যাটারিচালিত কোনো যানবাহন। মন্ত্রী আরো বলেন, আন্দোলন করে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে একটি পক্ষ সরকার হটানোর জন্য এখন চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। সরকারের বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালানো হচ্ছে। এ চোরাগুপ্তা হামলা অত্যন্ত পরিকল্পিত হামলা। পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেয়ার জন্য।  এসময় সড়ক ও জনপথ বিভাগ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুন অর রশিদ, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।শাহাদাত হোসেন/এআরএ/পিআর