পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের নেতারা।শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এদিকে, মানববন্ধনে আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ব্লগার, পুরোহিত, ধর্মযাজক, বৌদ্ধ ভিক্ষু, পুলিশের স্ত্রীকে হত্যা করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অপরাধীরা। অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধ না হলে প্রধানমন্ত্রীর সব অর্জন শেষ হয়ে যাবে। তাই দ্রুত অপরাধীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের নেতারা।নারায়ণগঞ্জ জেলা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সিনিয়র সহ সভাপতি কৈলাশ চন্দ্র বণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি সুজন সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপী নাথ দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য প্রদীপ ঘোষ বাবু।এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন কুমার পাল, বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ইসকনের হরিনাম পরায়ন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ জেলা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত সাহা, কোষাধ্যক্ষ মিন্টু রায়, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী প্রমুখ।শাহাদাত হোসেন/এসএস/এমএস