জাতীয়

পাহাড়ে অ্যাডভেঞ্চারে গিয়ে নিখোঁজ ৭ শিশু, অবশেষে উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ে অ্যাডভেঞ্চারে গিয়ে হারিয়ে যাওয়া সাত শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডাকভাঙা পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। তারা হলো-আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২)।

তারা বাড়ি না ফেরায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন। পরে চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে।

ফুটেজে দেখা যায়, শিশুরা মিয়ার বাজার থেকে ইজিবাইকে উত্তর দিকে যায়। এরপর আর দেখা না যাওয়ায় পুলিশ ধারণা করে, তারা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছয়টি দল গঠন করে পাহাড়ি এলাকা, জঙ্গল ও দুর্গম পথে তল্লাশি চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকেরাও অনুসন্ধানে অংশ নেন। শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে সুস্থ অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুনরাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ২নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

উদ্ধার হওয়া এক শিশু জানায়, পাহাড়ে অ্যাডভেঞ্চারে গিয়েছিল তারা। একপর্যায়ে পথ হারিয়ে ফেলে। বিকেলে যখন পাহাড়ে উঠেছিল, তখন খেয়াল হয়নি সন্ধ্যার আগেই ফিরতে হবে। অন্ধকার নামার পর ভয় পেয়ে যায় তারা। গহিন পাহাড়ের কোন পথে যাবে, তাও নিশ্চিত হতে পারেনি। শেষে তারার আলো দেখে একটা বড় বটগাছের নিচে সারারাত কাটায় পাশাপাশি বসে। ভোরের আলো ফুটতেই আবার একটা পাহাড়ি পথ ধরে চলতে থাকে। তখনই দেখা একদল পুলিশের সঙ্গে। পুলিশ সদস্যরা তাদের সন্ধানেই এসেছিল পাহাড়ে।

পুলিশ জানায়, গতকাল রাতে শিশুদের অভিভাবকেরা সন্তানদের সন্ধান চেয়ে থানায় ডায়েরি করেন। এরপর সারারাত উৎকণ্ঠায় থানায় কাটিয়ে দেন তারা। পুলিশের তিনটি দল রাতেই তাদের খোঁজে পাহাড়ে যায়। পরে ভোর ৫টার দিকে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর জঙ্গল জলদির ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে পথ হারিয়ে ফেলা শিশুদের উদ্ধারে আমরা তিনটি গ্রুপে ভাগ হয়ে রাতভর অভিযান চালাই। পরে ভোর ৫টায় জঙ্গল জলদি ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা ট্রমায় ভুগছে। হাসপাতাল থেকে স্বজনেরা তাদের বাড়িতে নিয়ে গেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শিশুদের উদ্ধারে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের একা দুর্গম এলাকা বা পাহাড়ে যেতে নিরুৎসাহিত করতে হবে। বিদ্যালয় শেষে নিরাপদে বাড়ি ফেরার বিষয়ে নজর রাখতে হবে। শিশুদের মোবাইল ফোন বা পরিচয়পত্র বহনে উৎসাহিত করা, অচেনা ব্যক্তি বা যানবাহনের সঙ্গে শিশুদের যাতায়াত এড়িয়ে চলা, শিশুদের সঙ্গে নিয়মিতভাবে নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে হবে।

এমআরএএইচ/ইএ/জেআইএম