জাতীয়

আকাশের মতো সাইবার জগতের সীমানাও আমাদের রক্ষা করতে হবে

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, যেভাবে আমরা আকাশ, স্থল ও সমুদ্রসীমায় আমাদের সীমানা রক্ষা করি, একইভাবে আমাদের ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও রক্ষা করতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ বিমানবাহিনীর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সাইবার সিকিউরিটি সচেতনতা মাসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সাইবার সচেতনতা প্রত্যেকের দায়িত্ব: প্রতিটি ক্লিকই গুরুত্বপূর্ণ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আধুনিক যুদ্ধকৌশলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আকাশ ও সাইবার স্পেস এখন পরস্পর সম্পর্কিত।

তিনি বলেন, সাইবার হুমকি যে কোনো সময়, যে কোনো স্থান থেকে সৃষ্টি হতে পারে। তাই সচেতনতা, সতর্কতা ও শৃঙ্খলাই সাইবার জগতে নিরাপত্তা বজায় রাখার মূল চাবিকাঠি।

তিনি সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

বিমানবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, সাইবার নিরাপত্তা একটি সম্মিলিত দায়িত্ব— যা কেবল সবাই মিলে নিরবচ্ছিন্ন সতর্কতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। তিনি বিমানবাহিনীকে আকাশে ও ডিজিটাল ডোমেইনে অপ্রতিরোধ্য করে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকাস্থ ঘাঁটি ও ইউনিটের নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে অবস্থানরত ঘাঁটির সদস্যরা ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে বিমানবাহিনীর সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাইবার সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালনা করা হবে।

টিটি/বিএ/এমএস