দেশজুড়ে

যশোরে আড়াই লাখ টাকার জাল নোটসহ আটক ২

যশোরে আড়াই লাখ টাকার জাল নোট ও স্ট্যাম্পসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।আটকরা হলেন- যশোর শহরের আশ্রম রোডে ইদ্রিস আলীর বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁও জেলার কাজীপাড়ার মৃত আবদুর রহমানের ছেলে রাজু আহম্মেদ এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার গাতিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে লতিফ হোসেন। যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শহরের জেস টাওয়ারের পাশে ইডেন মার্কেটে কিছুক্ষণ ফটোস্ট্যাটের মালিক রাজু আহম্মেদ জাল টাকার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে খবর ছিল। বৃহস্পতিবার রাতে রাজু আহম্মেদকে যশোর সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম আটক করেন। রাজুকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার কাছ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার ৩৩টি জাল নোট এবং দশ টাকা মূল্যের ১৭ হাজার পিস জাল ননজুডিশিয়াল স্ট্যাম্প। ওসি আরও জানান, রাজুর স্বীকারোক্তি অনুযায়ী নড়াইল জেলার কালিয়া উপজেলার গাতিপাড়া গ্রামে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে মৃত আকবর আলীর ছেলে লতিফকে আটক করা হয়। এ সময় লতিফের কাছে থেকে উদ্ধার করা হয় ৮৯টি এক হাজার এবং ৫০০ টাকার জাল নোট। এ ঘটনায় রোববার থানায় মামলা হয়েছে এবং আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। মিলন রহমান/এসএস/পিআর