রাজনীতি

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন গণঅধিকারের রাশেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা ভিন্ন ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। পটুয়াখালী-৩ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে লড়বেন দলটির সভাপতি নুরুল হক নুর।

দল ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলবো না যা বলার আমার সভাপতি বলবেন।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর লেখেন, ‌‘নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ- ৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন’।

নির্বাচনী কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটের মাঠে জোটগত সমন্বয় ও সাংগঠনিক শক্তি আরও জোরদার হবে বলে মনে করছে গণঅধিকার পরিষদ।

নেতারা আশা প্রকাশ করেন, ভিন্ন প্রতীকে হলেও নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হবে।

এমওএস/এমআরএম/এমএমএআর