রাজনীতি

একটা বড় পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে: শিবির সভাপতি

একটা বড় পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেছেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। জুলাইকে আইনি ভিত্তি দিতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে। সেটি হলে বাংলাদেশে আর দৈত্যদানব তৈরি হবে না। ইচ্ছামত কেউ সংবিধান কাটাছেঁড়া করতে পারবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে শিবির সভাপতি বলেন, তারেক রহমান বলেছিলেন দেশে আসা তার একক সিদ্ধান্তের ওপর ওপর নির্ভর করে না। তাহলে কার ওপর নির্ভর করে? তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের ওপর নির্ভর করে না।

তিনি বলেন, একটি দলের অন্তর্কোন্দলের মধ্য দিয়ে ২০০-র বেশি মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেগুলোর বিচার হয় না। বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ডের কারণে আজ দেশের আনাচে-কানাচে মানুষ অস্বস্তিতে আছে। চাঁদাবাজির মহোৎসবে পরিণত হয়েছে দেশ।

তারেক রহমানের প্রোটোকল নিয়ে সমালোচনা করে নুরুল ইসলাম বলেন, একটি দলকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো চিন্তাভাবনা সরকারের মধ্যে নেই। একটি দলের প্রধান দেশে আসছেন, চারদিক থেকে প্রটোকল। হায় প্রটোকল! প্রধানমন্ত্রীরাও এমন প্রটোকল পায় না। চার হাজার সেনাসদস্য নেমে গিয়েছে। একটা দলের প্রধানকে সেনাবাহিনীর প্রটোকল দিচ্ছে হচ্ছে, কীসের এত ভয়?

এমএইচএ/এমকেআর/জেআইএম