আন্তর্জাতিক

ইরানের ৩০ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

চলমান সংঘাতে ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৩০টিরও বেশি জাহাজ ডুবিয়েছি। মাত্র কয়েক ঘণ্টা আগেও আমরা ইরানের একটি ড্রোনবাহী জাহাজে হামলা চালিয়েছি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবাহী রণতরীর মতো বড়। বর্তমানে সেটি আগুনে জ্বলছে।

অ্যাডমিরাল কুপার আরও দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার মতে, প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ এবং ড্রোন হামলা ৮৩ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করেছে, যেখানে ইসরায়েলের বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনী ধ্বংস করার কথা জানিয়েছে ওয়াশিংটন।

অ্যাডমিরাল কুপার বলেন, যুক্তরাষ্ট্র শুধু ইরানের ক্ষেপণাস্ত্রই লক্ষ্য করছে না, বরং দেশটির ক্ষেপণাস্ত্র তৈরির শিল্পভিত্তিক অবকাঠামোকেও ধ্বংস করার চেষ্টা করছে।

তার ভাষায়, অভিযানের পরবর্তী ধাপে আমরা পদ্ধতিগতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ভেঙে দেবো।

সূত্র: এএফপি

এমএসএম