কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, পর্যটন খাতই কক্সবাজারের অপার সম্ভাবনার ক্ষেত্র। এনিয়ে সাংবাদিকদের লেখনি চালিয়ে যেতে হবে। আপনাদের লেখনির মাধ্যমেই আমাদের প্রিয় কক্সবাজার বিশ্বের বুকে একদিন মাথা তুলে দাঁড়াবে। শুক্রবার বিকেলে তারকা হোটেল ওশান প্যারাডাইসের বল রুমে আয়োজিত কক্সবাজার থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকবৃন্দ এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।তিনি বলেন, কক্সবাজারের পর্যটন খাত ও অন্যান্য খাতের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়নে বাধাসমূহ চিহ্নিত করে তার উত্তরণ করতে হবে। তাহলে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন হবে দ্রুত। ইফতার মাহফিলে বিএনপি নেতা কাজল তার রাজনৈতিক জীবনে সাংবাদিকদের অভূতপূর্ব সহযোগিতার কথা স্মরণ করে বলেন, কক্সবাজারের সাংবাদিকরা দল মতের তোয়াক্কা না করে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, তা অবিস্মরণীয়। এ কথা আমি কখনও ভুলব না।মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ, অ্যাড. আয়াছুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাত, আবদুল মোনায়েম খান, মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আবদুল কুদ্দুস রানা, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি জিএএম আশেকউল্লাহ, সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, মমতাজউদ্দিন বাহারী, ফরিদুল আলম শাহীন, আহমদ গিয়াস ও সরওয়ার আজম মানিক প্রমুখ। সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি